বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দারুণ শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে জয়ের পর এখন তাদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। কিউই পেসার নাথান স্মিথ মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় তাদের জন্য হবে বিশাল ব্যাপার।
সাধারণ হিসেবে নিউজিল্যান্ডের সিরিজ জয়কে বড় কিছু মনে না হলেও বাস্তবতা ভিন্ন। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে তারা দুই নম্বরে থাকলেও এবারের সফরে তারা এসেছে অনেকটা অনভিজ্ঞ দল নিয়ে। মূল স্কোয়াডের ১৬-১৭ জন ক্রিকেটার ছাড়াই এই সফর করছে কিউইরা। তার সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের তীব্র গরম ও কঠিন কন্ডিশন।
বাংলাদেশে শেষবার তারা সিরিজ জিতেছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, তখন আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক ছিল। এর আগে ২০০৮ ও ২০০৪ সালে যথাক্রমে অক্টোবর ও নভেম্বরে সিরিজ জিতেছিল তারা। ফলে এপ্রিলের এই কঠিন গরমে সিরিজ জয় তাদের জন্য আলাদা গুরুত্ব বহন করছে।
দ্বিতীয় ম্যাচের আগে স্মিথ বলেন,‘এটা আমাদের জন্য বিশাল ব্যাপার হবে। বাংলাদেশ খুব শক্তিশালী দল নিয়ে খেলছে। আমরা সবসময় ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে গর্ববোধ করি। এই সফর আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াতে সাহায্য করছে এবং নতুন খেলোয়াড়দের অভিজ্ঞতা দিচ্ছে।’
তিনি আরও যোগ করেন,‘এ ধরনের অপরিচিত কন্ডিশনে খেলতে পারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা শিখছি কীভাবে এমন উইকেটে কার্যকর হওয়া যায় যেখানে আমরা অভ্যস্ত নই। প্রথম ম্যাচে যেভাবে আমরা বাংলাদেশকে চাপে ফেলেছি, তা ছিল সন্তোষজনক। সিরিজ জিততে পারলে সেটা আমাদের জন্য বড় অর্জন হবে।’
সোমবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে নিউজিল্যান্ড।

