বাংলাদেশে আরও ব্যবসাবান্ধব পরিবেশ চায় অ্যামচেম

0
বাংলাদেশে আরও ব্যবসাবান্ধব পরিবেশ চায় অ্যামচেম

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে অ্যামচেমের নবনির্বাচিত নির্বাহী কমিটি নিজেদের পরিচয় তুলে ধরে ও জাতীয় বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অ্যামচেম।

বৈঠকে অ্যামচেমের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। প্রতিনিধি দলে আরো ছিলেন সহসভাপতি আলা উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ রেজা উর রহমান মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য হাবিব ভূঁইয়া, আল মামুন এম রাসেল ও আতাউর রহিম চৌধুরী। এছাড়া সদস্য হিসেবে ছিলেন মো. মঈনুল হক, সাব্বির আহমেদ ও মমশাদ আলী খান।

বৈঠকে জ্বালানি, বীমা ও আর্থিক সেবা, ডিজিটাল অর্থনীতি, এফএমসিজি, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগকারীদের অবদান তুলে ধরা হয়। একই সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বিভিন্ন শিল্প খাতের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে অ্যামচেম।

প্রতিনিধি দল ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের বিষয়ে মতামত জানিয়ে বলেছে, বাজেটের দিকনির্দেশনা ইতিবাচক। তবে প্রবৃদ্ধি ও বিনিয়োগের লক্ষ্য পূরণে এর কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় বিনিয়োগকারীদের আস্থা জোরদার, নীতিগত পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আরো ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে অ্যামচেম।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদারের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশে আরো মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যে কাজ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে অ্যামচেম।

বৈঠক শেষে অর্থমন্ত্রীর সময় ও গঠনমূলক সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনটি। পাশাপাশি টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশে আরো ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here