বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম

0
বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম

টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা পেসার ও কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তবে নিজ দেশের হারে হতাশার কথাও জানিয়েছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে একের পর এক ইতিহাস লিখে চলেছে বাংলাদেশ ক্রিটেট দল। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

এই জয়ের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির গড়ল বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো প্রতিপক্ষের কাছে টানা দ্বিতীয়বার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার চরম লজ্জায় ডুবল পাকিস্তান দল। সেই সঙ্গে ঘরের মাটিতে প্রথমবার পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা দিল টাইগাররা। 

ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন ওয়াসিম আকরাম। একইসঙ্গে নিজ দেশের হারে হতাশ হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াসিম আকরাম লিখেন, ‘বাংলাদেশের কাছে পাকিস্তানের দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হওয়াটা সত্যিই অত্যন্ত হতাশাজনক। তবে বিজয়ী দল পূর্ণ প্রশংসা ও ফুল মার্কস পাওয়ার যোগ্য, কারণ তারা নিখুঁত ক্রিকেট খেলেছে।’

তিনি আরও যোগ করেন, ‘একসময় বাংলাদেশ মন্থর ও অতিরিক্ত স্পিন সহায়ক উইকেট বানাত, কিন্তু এখন তারা চমৎকার সব টেস্ট উইকেট তৈরি করছে। যা তাদের দ্রুত গতিতে উঠে আসা পেসারদের দারুণ সাহায্য করছে এবং এই পেসাররাই গতিতে পাকিস্তানকে পরাস্ত করেছে। বাংলাদেশ এখন ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাটে বিশ্বের যেকোনো সেরা দলের সঙ্গে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত।’

বিশেষ করে বাংলাদেশের তরুণ গতি তারকা নাহিদ রানার বোলিংয়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘নাহিদ রানা কী অসাধারণ এক প্রতিভা! ওর বোলিং দেখাটা সত্যিই চোখের শান্তি। অভিনন্দন বাংলাদেশ!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here