দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক ও পেশাদার পর্যায়ে নিয়ে যেতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটি। সেই উদ্যোগের অংশ হিসেবে জাতীয় রেফারি কার্যক্রমের অধীনে ‘বাস্কেটবল রেফারি ও টেবিল অফিশিয়ালস ক্লিনিক’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানের এই ক্রীড়া কমপ্লেক্সে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.)। এ সময় তাঁকে স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মহসিনুল করিম।
সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মহসিনুল করিম (অব.) বলেন ‘দেশের খেলাধুলার মানোন্নয়নে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং এটা সামাজিক দায়বদ্ধতা থেকেই করছি।’
এরকম একটি বিশ্বমানের ভেন্যুতে রেফারী বাছাইয়ের প্রোগ্রামটি করতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সেক্রেটারি মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.)। তিনি বলেন, ‘ভাল রেফারী তৈরী করতে পারলে খেলার মান আরও উন্নত হবে। এমন একটি অত্যাধুনিক ভেন্যু পেয়ে আমরা আনন্দিত এবং আশাবাদী যে সামনে আমরা আরও ভাল করতে পারব। বসুন্ধরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদের জন্য এমন একটি ভেন্যু উন্মুক্ত করে দেওয়ায়।’
বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অব অপারেশনস মাসুদুর রহমান মান্না বলেন, ‘এখানকার সকল ফ্যাসিলিটি বিশ্বমানের। এবং এই বিশ্বমানের সুবিধাদি আমাদের দেশের খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করতে সংশ্লিষ্ট সবগুলো ফেডারেশনকে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বমানের খেলোয়াড় তেরী করার পথ সুগম করছি।’
জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া রেফারি ও টেবিল অফিশিয়ালদের দক্ষতা মূল্যায়ন করা হয়। মূল্যায়নের ভিত্তিতে কিছু অংশগ্রহণকারীকে শারীরিক (ফিজিক্যাল) পরীক্ষা এবং অন্যদের তাত্ত্বিক (থিওরি) পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে।
আয়োজক সূত্র জানিয়েছে, এই বাছাই ও যোগ্যতা যাচাই কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
দেশের বাস্কেটবলকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে সফল আয়োজনের মাধ্যমে ক্রীড়া অবকাঠামো ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানের স্পোর্টস ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে বসুন্ধরা স্পোর্টস সিটি আবারও তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে।

