বর্জ্য ব্যবস্থাপনায় মানুষের আচরণগত পরিবর্তন জরুরি: জিয়াউদ্দিন হায়দার

0
বর্জ্য ব্যবস্থাপনায় মানুষের আচরণগত পরিবর্তন জরুরি: জিয়াউদ্দিন হায়দার

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

তিনি বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনায় মানুষের আচরণগত পরিবর্তন জরুরি। দেশে এখনো কোথাও সিস্টেম্যাটিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। অনেক স্থানে নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। সেই দূষিত পানির মাছ খাওয়ার মাধ্যমে মানবদেহে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করছে, যা ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে।

মঙ্গলবার দুপুরে নগরীর সার্কিট হাউসের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক এ সভায় সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক না হলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। উন্নত বিশ্বের দেশগুলো পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশ সুরক্ষায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশেও পরিচ্ছন্ন নগরী গড়তে এর কোনো বিকল্প নেই। 

তিনি আরও বলেন, আধুনিক বিশ্বে বর্জ্য আর আবর্জনা নয়; সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি মূল্যবান সম্পদে পরিণত হচ্ছে। সুপরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নও সম্ভব।

তিনি বাড়ি ও কর্মক্ষেত্রে জৈব এবং অজৈব বর্জ্য আলাদা করার ওপর গুরুত্বারোপ করে বলেন, পচনশীল বর্জ্য থেকে উন্নতমানের জৈব সার তৈরি করা যায়, যা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here