ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার বর্জ্যের ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকালে শহরের ছয়বাড়িয়া ডাম্পিং স্টেশন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়ায় পৌরসভার বর্জ্য রাখার ডাম্পিং স্টেশন অবস্থিত। প্রতিদিন পৌরসভার সকল বর্জ্য ট্রাকে বহন করে সেখানে নিয়ে স্তুপ করে রাখা হয়। এতে বর্জ্যের দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে।
মানববন্ধনে জেলা শহরের বিভিন্ন এলাকার মানুষ, সামাজিক বিভিন্ন সংগঠন, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, যুবদল নেতা মো. শাহিনুর রহমান, এবিএম মুসা আহমেদ, আমিনপুরের সাজেদুল ইসলাম, স্থানীয় মুফতি নুরুল আমিন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা শেখ আরিফ বিল্লাহ আজিজি, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মহব্বত আলী, নদী ও প্রকৃতি সুরক্ষার সামাজিক সংগঠন তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক শামীম আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, কনটেন্ট ক্রিয়েটর রনী ইমরান প্রমুখ। এছাড়া মানববন্ধনে ছয়বাড়িয়া, আমিনপুর, গোকর্ণঘাটের স্থানীয় বাসিন্দা, জেলা বিএনপি, এনসিপিসহ বিভিন্ন এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া, আল আমিন ইসলামী জনকল্যাণ যুব সংগঠন, মানবকল্যাণ ব্লাড ফাউন্ডেশন, তরী বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এই বর্জ্যের স্তুপের কারণে এলাকায় বিভিন্ন রোগ ছড়াচ্ছে। মাছির যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। আগামী এক মাসের মধ্যে তারা ময়লার ভাগাড় বা ডাম্পিং স্টেশন সরিয়ে নেওয়ার দাবি জানান। অন্যথায় তারা ময়লা ফেলতে না দেওয়া ও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন।

