বরিশালের মেঘনা নদীতে পৃথক অভিযানে আটক ১৪ জেলেকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা ও জাটকা এতিমখানায় বিতরণ করা হয় বলে হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন।
শনিবার ও রবিবার সকালে পৃথক এ অভিযান করা হয়। পরে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেছেন।
জরিমানা দেয়া জেলেরা হলেন- হিজলা উপজেলার বাসিন্দা সেলিম খান, মো. সাহিন, ছবির, আব্দুল্লাহ, চুন্নু হাওলাদার, মাইদুল বেপারী, জিয়াউদ্দিন, জুলহাস বেপারী, ইরমাদ, ফারুক, আল আমিন বিশ্বাস, রতন বেপারী, আলামিন ও রিপন খা।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মেঘনা নদীতে মশারি ও কারেন্ট জাল দিয়ে জাটকা শিকারের সময় ১৩ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে দুই হাজার করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানার টাকা ও মুচলেকা দেয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে। অপরদিকে রবিবার সকালে হিজলা উপজেলার কাউরিয়া বাজার থেকে ৬০ কেজি জাটকাসহ জেলে রিপন খা কে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে।

