নরসিংদীতে বদলি ঠেকাতে চিকিৎসা সেবা বন্ধ রেখে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মকর্তারা। এতে কাঙিক্ষত সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা।
বুধবার (২২ এপ্রিল) সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত হাসপাতালে সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে তারা।
গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের জারি এক আদেশে সদর হাসপাতালের প্রধান হিসাবরক্ষক মো. মনসুর আহমেদকে নেত্রকোনার কমলাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। মনসুর আহমেদের বদলির আদেশ ঠেকাতে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন আউটসোর্সিং কর্মীরা। একপর্যায়ে বদলি আদেশে প্রত্যাহারের আশ্বাসের পর তারা কর্মসূচি স্থগিত করে।
তবে আউটসোর্সিং কর্মীদের দিয়ে কর্মবিরতি ও মানববন্ধন করানোর বিষয়টি অস্বীকার করেছেন মো.মনসুর আহমেদ। তিনি বলেন, আমি আজকে হাসপাতালেই যাইনি। আমার পদে কেউ আসলে তাকে দায়িত্ব বুঝিয়ে দিবো। আমি বদলীর আদেশ প্রত্যাহারে আউটসোর্সিং কর্মীদের দিয়ে কোন আন্দোলন করাইনি। আমার ব্যাপারে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।
জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর বলেন, বদলী একটি সরকারি রীতি। বদলি আদেশ অমান্য করার সুযোগ কারো নেই। আর কারো বদলির আদেশ প্রত্যাহার করার কোনো কথা কাউকে বলিনি। যারা হাসপাতালের সেবা কর্যক্রম বন্ধ রেখেছে এবং যারা মদদ দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

