নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবা-মা ও দাদি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে একটি মাইক্রোবাসে করে যাচ্ছিলেন রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার প্রকৌশলী আকিব হোসেন (৩৫)। পথে বড়াইগ্রাম উপজেলার চকপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মাস বয়সী শিশু ইজাদ নিহত হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চার বছর বয়সী শিশু ইহান মারা যায়।
নিহত দুই শিশু প্রকৌশলী আকিব হোসেনের ছেলে। আহতরা হলেন আকিব হোসেন, তার স্ত্রী এমি খাতুন (৩২) এবং মা কণা বেগম (৬০)। তারা সবাই বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ঈদ শেষে পরিবারটি রাজশাহীতে অবস্থান শেষে ঢাকায় ফিরছিল। মাইক্রোবাসে প্রকৌশলী আকিব হোসেন তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

