বগুড়ায় স্বাচিপের সাবেক সভাপতি ডা. মিশু গ্রেপ্তার

0
বগুড়ায় স্বাচিপের সাবেক সভাপতি ডা. মিশু গ্রেপ্তার

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি মামলার আসামি ছিলেন।

ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্বাচিপ ও বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বাগেরহাটের স্বাস্থ্য প্রযুক্তি ইনস্টিটিউটে (আইএইচটি) কর্মরত রয়েছেন।

চিকিৎসাসেবায় অবদানের জন্য তিনি স্থানীয়ভাবে পুন্ড্র পদক লাভ করেন। এছাড়া গরিবের ডাক্তার হিসেবেও পরিচিত ছিলেন। করোনাকালে বগুড়ায় চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শেরপুরের একটি হোটেলে ডা. মিশুর জন্মদিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। জন্মদিনের কেক কাটার প্রস্তুতির সময় তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থানকালীন নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, বগুড়া সদর থানার একটি মামলার ভিত্তিতে ডা. মিশুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ জুন) তাকে আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here