বগুড়ায় অননুমোদিত রাসায়নিক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরির অভিযোগে ‘ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ’ নামের একটি কারখানায় অভিযান চালিয়ে সুপারভাইজার মো. আরিফুর রহমানকে (৩১) এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সদরের চাঁদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে মানসনদ ছাড়াই জুস উৎপাদন, পণ্যের মোড়কে অনুমোদনহীন সিল-লোগো ব্যবহার এবং অনিবন্ধিতভাবে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে কারখানার সুপারভাইজারকে দণ্ড দেওয়া হয়।
এ সময় ৩৭০ কেস ভেজাল ও অস্বাস্থ্যকর জুস উদ্ধার করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি বিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

