
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বগুড়ায় পদযাত্রা করেছে বিএনপি। আজ শনিবার বেলা ১২টায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে এ পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের কলোনী থেকে বের হয়ে ইয়াকুবিয়া মোড় দিয়ে নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পদযাত্রা শেষে সবাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার চক্রান্তমূলকভাবে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বাধা প্রদান করে আসছে। সুচিকিৎসার অভাবে তার জীবন এখন বিপন্ন। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আমাদের আজকের এই পদযাত্রা।
তিনি আরো বলেন, এই সরকারের অধীনে এদেশে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে হলে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার। এজন্য বিএনপি সব সময় রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে।
এদিকে বিএনপির পদযাত্রা ঘিরে শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ তৎপর ছিল।

