বগুড়ায় বাবার সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন মুশফিক

0
বগুড়ায় বাবার সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন মুশফিক

বগুড়ায় নিজ গ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার (২৮মে) সকালে বগুড়া শহরের ধরমপুর-মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে মুশফিক ঈদগাহ ময়দানে আগত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কোশল বিনিময় করেন। তবে গত ঈদুল ফিতরের মতো এবার আর তিন প্রজন্মের একসঙ্গে ঈদের নামাজ পড়া হয়নি তাদের। মুশফিকুর রহিমের ছেলে শাহরোজ রহিম মায়ান হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় বাবার সঙ্গে ঈদগাহ মাঠে আসতে পারেনি। ফলে মুশফিকুর রহিম ও তাঁর বাবা মাহবুব হামিদ তারা একসঙ্গেই ঈদের নামাজ আদায় করেন। এর আগে সকালে বাড়ি থেকে বের হয়ে পরিবারের সদস্যদের নিয়ে নিজের পারিবারিক কবরস্থান জিয়ারত করেন এই তারকা ক্রিকেটার।

ঈদের নামাজ শেষে মুশফিকুর রহিম বলেন, সর্বপ্রথম এলাকাবাসী এবং দেশবাসী সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাই যার যার পরিবারের সঙ্গে সুস্থভাবে এবং সাবধানতা অবলম্বন করে ঈদ করবেন।  পাড়া-প্রতিবেশি যারা গরিব, অসহায় মানুষ যারা আছেন তাদের সবাইকে নিয়ে কোরবানি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।

বগুড়ার স্থানীয় শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেটের ভূয়সী প্রশংসা করে সাবেক এই অধিনায়ক আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর তাগিদ দেন। মুশফিক বলেন, আমি মনে করি শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট যদি বলেন, বাংলাদেশে ওয়ান অব দ্য বেস্ট উইকেট। তো আমি মনে করি এরকম ভালো উইকেটে অবশ্যই খেলা হওয়া উচিত। এবং আমি আশা করছি যে, এখন সংস্কারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ইন্টারন্যাশনাল খেলা হওয়ার জন্য যেটা ন্যূনতম ফ্যাসিলিটিজ দরকার, সেটা যদি হয়ে যায়-ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আবার নেক্সট টাইমে আবারও ইন্টারন্যাশনাল খেলা চালু হবে শহীদ চান্দু স্টেডিয়ামে।

মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা বলেন, ছেলের সঙ্গে ঈদ করাতে এমনিতেই খুব আনন্দের। পাওয়াই যায় না, একমাত্র ঈদ ছাড়া তো আমরা তাকে পাই না। নাতিটার জন্য একটু আফসোস হচ্ছে, ছেলেটার একটু গায়ে জ্বর আসছে দেখে মাঠে আসে নাই। তাহলে আমরা তিন প্রজন্ম একসঙ্গে গতবারের মতো নামাজটা পড়তে পারতাম। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here