বগুড়ার ধুনট উপজেলায় চলন্ত অটোভ্যান উল্টে পুকুরের পানিতে পড়ে শুকুর আলী (৭২) নামে এক চালক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বেলা ১২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী গোসাইবাড়ি ইউনিয়নের চরনাটাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, শুকুর আলী শনিবার সকালে স্থানীয় বাগবেড়-হরিনাথপুর বাজার এলাকা থেকে অটোভ্যান চালিয়ে মরিচতলার দিকে রওনা হন। পথিমধ্যে নারায়ণপুর গ্রামের ভেতর উঁচু সরু ব্রিজের ওপর ওঠার সময় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই পথিমধ্যে শুকুর আলীর মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

