বগুড়ায় টিএমএসএস’র উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ঠেঙ্গামারা টিএমএসএস বিনোদন জগতে এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। প্রতিষ্ঠানের ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান এ আয়োজনে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বাংলার ইতিহাস, ঐতিহ্য, খাদ্যসামগ্রী এবং দেশীয় পণ্যের সমাহারে বৈশাখী মেলার আয়োজন করা হয়। পাশাপাশি বিপণনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং কালবৈশাখী ঝড় থেকে আবাসন, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষিজমি রক্ষার বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা হয়।
টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার ও তার সহকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নববর্ষ উপলক্ষে টিএমএসএস’র নিজস্ব উৎপাদিত খাদ্যসামগ্রী দিয়ে পান্তা ভাতের আয়োজন করা হয়। এতে ছিল নিজস্ব বিলের মাছ, ঢেঁকিছাঁটা চাল, কাঠের ঘানির সরিষার তেল, আলু ও শাক-সবজি। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ আয়োজন চলে।
জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তালুকদার মো. আলী হায়দারসহ প্রতিষ্ঠানের উপদেষ্টা, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
দিনের শুরুতে ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচার একাডেমির উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বৈশাখী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
একই দিন বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও বাংলা নববর্ষ উদযাপন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্রের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোল ও প্ল্যাকার্ডে সজ্জিত এ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
দিনব্যাপী এসব আয়োজনে বগুড়াজুড়ে ছড়িয়ে পড়ে নববর্ষের আনন্দঘন পরিবেশ।

