ফ্রি স্টোরেজ নীতিতে বড় পরিবর্তন আনছে গুগল, ধরে রাখবেন যেভাবে

0
ফ্রি স্টোরেজ নীতিতে বড় পরিবর্তন আনছে গুগল, ধরে রাখবেন যেভাবে

গুগল তাদের ফ্রি ক্লাউড স্টোরেজ নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। এখন নতুন গুগল অ্যাকাউন্ট খুললেই স্বয়ংক্রিয়ভাবে ১৫ জিবি স্টোরেজ পাওয়া যাবে না বলে জানা গেছে। অনেক ব্যবহারকারী নতুন অ্যাকাউন্ট খোলার সময় মাত্র ৫ জিবি স্টোরেজ পাচ্ছেন।

তবে গুগল জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে এখনো ১৫ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ ব্যবহার করা যাবে। নতুন নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীকে সক্রিয় ফোন নম্বর দিয়ে লগ-ইন বা ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। ফোন নম্বর যুক্ত করলে অতিরিক্ত ১০ জিবি স্টোরেজ যোগ হয়ে মোট ১৫ জিবি ব্যবহারের সুযোগ মিলবে।

এই স্টোরেজ ব্যবহার করা যাবে গুগল ড্রাইভ, জিমেইল এবং গুগল ফটোসে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভুয়া বা নামবিহীন অ্যাকাউন্ট কমিয়ে আনতেই গুগল এমন পদক্ষেপ নিচ্ছে। আগে ফোন নম্বর ছাড়াই একাধিক অ্যাকাউন্ট খোলা সম্ভব ছিল। ফলে একজন ব্যবহারকারী একাধিক অ্যাকাউন্ট খুলে বারবার ১৫ জিবি ফ্রি স্টোরেজ সুবিধা নিতে পারতেন।

গুগলের নতুন ব্যবস্থায় একটি ফোন নম্বর থেকে সীমিত সংখ্যক অ্যাকাউন্টের জন্যই পূর্ণ স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডেটার অপচয় কমানোর পাশাপাশি ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিরাপত্তা ও ডেটা পুনরুদ্ধার প্রক্রিয়াও আরও শক্তিশালী করতে চায়।

এদিকে, গুগলের সাপোর্ট পেজেও ভাষাগত পরিবর্তন দেখা গেছে। আগে যেখানে সরাসরি ১৫ জিবি ফ্রি স্টোরেজের কথা উল্লেখ ছিল, এখন সেখানে “আপ টু ১৫ জিবি” বা “সর্বোচ্চ ১৫ জিবি” বলা হচ্ছে। অর্থাৎ, ফ্রি স্টোরেজের পরিমাণ এখন ব্যবহারকারীর তথ্য যাচাইয়ের ওপর নির্ভর করতে পারে।

গুগল জানিয়েছে, নিয়মটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ভবিষ্যতে এটি স্থায়ী নীতিতে পরিণত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here