ঢাকায় শুরু হচ্ছে ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল। ৫ ও ৬ জুন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে এই মেগা আসর।
দেশজুড়ে ১ লাখের বেশি দল অংশ নেওয়ার পর অনলাইন ও ইন-গেম বাছাই শেষে সেরা ১২টি দল জায়গা করে নিয়েছে ফাইনালে। জাতীয় শিরোপার পাশাপাশি রয়েছে ৬০ লাখ টাকার প্রাইজ পুল।
এবারের আসরের বড় আকর্ষণ, শীর্ষ দুই দল ফ্রান্সের প্যারিসে ১৫ থেকে ১৮ জুলাই অনুষ্ঠিত ২০২৬ ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে তারা ব্রাজিল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ বিশ্বের সেরা দলগুলোর মুখোমুখি হবে।
দুই দিনের এই টুর্নামেন্ট সরাসরি উপভোগের পাশাপাশি অনলাইনেও সম্প্রচার করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, এই আয়োজন দেশের ইস্পোর্টসকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

