মোবাইল ফোন ব্যবহার আজকাল দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। তবে এই প্রয়োজন কখন যে নীরবে আমাদের ব্যক্তি জীবনের নানাক্ষেত্রে বিপর্যয় ডেকে আনছে সেটা হয়তো ভুলেই গেছি।
তবে হলিউড তারকা অ্যারন পলের জীবনে এমন একটি ঘটনা ঘটেছে যা তার ব্যক্তি জীবনে গভীর পরিবর্তন এনে দিয়েছে। ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত ও তিনবার এ্যামি অ্যাওয়ার্ড জয় করা অ্যারন বলেন, তার মেয়ের সঙ্গে ছোট্ট ঘটনা তার ‘হৃদয় ভেঙে দিয়েছে’।
তিনি মোবাইল ফোন ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছেন। বিশেষ করে তার কন্যা অ্যানাবেল পলের সামনে ফোন ব্যবহার করবেন না বলে কথা দিয়েছেন।
অ্যারন বলেন, একদিন আমার ছয় বছরের মেয়ে দৌড়ে এসে আমাকে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। কিন্তু তখন একটা ইমেইলে ফোনে ব্যস্ত ছিলাম। তাকে কোনো জবাব দেইনি। তারপর সে জিজ্ঞাসা করা বন্ধ করে দিল এবং চুপচাপ চলে গেল। আর সেই মুহূর্তে আমি নিজের ভুলটা বুঝতে পারি।
অভিনেতা বলেন, ‘আমি ফোন রেখে মেয়ের কাছে যাই, তাকে বলি, আমি সত্যিই দুঃখিত। এখন থেকে বাবা যখন তোমার সঙ্গে থাকবে, তখন আর ফোন ব্যবহার করবে না।’ তখন তার মেয়ের উত্তর ছিল মাত্র একটি শব্দ ‘সত্যি?’
অ্যারন বলেন, ‘এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। এটা সত্যিই তাই করেছে’। পল বলেন, আমি যখন মেয়েকে প্রতিশ্রুতি দেই সে আমাকে জড়িয়ে ধরেছিল। সে যেন তখন সবচেয়ে বড় পুরস্কার জিতেছে।।
পল বলেন এই অভিজ্ঞতা তাকে একজন অভিভাবক হিসেবে আরও বেশি সক্রিয় করে দিয়েছে। প্রযুক্তি ব্যবহারের সীমানা নির্ধারণ করতে অনুপ্রাণিত করেছে।
হলিউড অভিনেতা বলেন, প্রযুক্তি আপনাকে নিয়ন্ত্রণ করবে না কি আপনি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবেন, এটা আপনিই বেছে নিতে পারেন।

