আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্ডার ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন।
এ ঘটনায় তিনি নিষিদ্ধ হতে পারেন, এমন আলোচনা কয়েকদিন ধরে চলছিল। বির্তকের একপর্যায়ে তদন্তের মুখে পড়তে হয়েছিল তাকে। তবে এই ঘটনায় অবশেষে স্বস্তি পেয়েছেন রোমি ভিন্ডার। বোর্ডের অ্যান্টি-কোরাপশন ইউনিট তাকে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি দিয়েছে, তবে নিয়ম ভাঙার জন্য সতর্কবার্তা এবং জরিমানার মুখে পড়তে হয়েছে রাজস্থানের টিম ম্যানেজারকে।
আইপিএল ম্যাচ চলাকালে প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া (পিএমওএ) লংঘনের দায়ে এই শাস্তি পেয়েছেন ভিন্দার। নিয়ম অনুযায়ী, ড্রেসিংরুমে ফোন রাখা গেলেও ডাগআউটে তা ব্যবহার করা নিষিদ্ধ।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোড(বিসিসিআই)-এর অ্যান্টি-কোরাপশন ইউনিট বিষয়টি খতিয়ে দেখে দুর্নীতির অভিযোগ থেকে রোমি ভিন্ডারকে মুক্তি দেওয়া হয়েছে। এক্ষেত্রে তার দীর্ঘ ১৯ বছরের অভিজ্ঞতাকেও বিবেচনায় রাখা হয়েছে। তবে নিয়ম ভাঙার জন্য তাকে সতর্ক করা হয়েছে এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এই ঘটনায় তার পাশে বসা ১৫ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ তিনি এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন না।
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, বোর্ডের অ্যান্টি-কোরাপশন ইউনিট রোমি ভিন্ডারের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। তাই তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক বার্তাও দেওয়া হয়েছে।
সাইকিয়া বলেন, ‘রোমি ভিন্ডার গুয়াহাটি ম্যাচে নিয়মভঙ্গ করেছিলেন। আইপিএল এর প্রোটোকল অনুযায়ী তাকে নোটিস দেওয়া হয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে নিজের অবস্থান জানাতে বলা হয়। তার ব্যাখ্যায় আমরা খুব সন্তুষ্ট নই। যেহেতু এটি তার প্রথম ভুল, তাই প্রোটোকল অনুযায়ী তাকে জরিমানার পাশাপাশি সর্তক দেওয়া হয়েছে।

