‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যে ফেনীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক। মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফেনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিক উল্যাহ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মাসুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন চন্দ্র রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কৃষক মো. সাইফুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুল ইসলাম খোকন, পৌর সচিব মো. সামসুদ্দিন, সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন দেশীয় ও অপ্রচলিত ফল সাধারণ মানুষের কাছে পরিচিত করা, দেশীয় ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, দেশি ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং বেশি বেশি দেশীয় ফলগাছ রোপণে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ ফল মেলায় দেশের প্রচলিত ও অপ্রচলিত ৩০ থেকে ৩৫টি প্রজাতির ফল প্রদর্শন করা হয়েছে।

