ফুটবলের উন্নয়নে ‘একাডেমি কাপ’ আয়োজন করবে বাফুফে

0
ফুটবলের উন্নয়নে ‘একাডেমি কাপ’ আয়োজন করবে বাফুফে

তৃণমূল থেকে দেশের ফুটবলকে এগিয়ে নিতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথমবারের মতো দেশের বিভিন্ন প্রান্তে থাকা তিন শতাধিক ফুটবল একাডেমিকে এক ছাতার নিচে আনার লক্ষ্যে আয়োজন করা হবে ‘একাডেমি কাপ’।

রবিবার (১১ জানুয়ারি) বাফুফে ভবনে ডেভেলপমেন্ট কমিটির ষষ্ঠ সভা শেষে এই ঘোষণা দেন কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। সভায় দেশের তৃণমূল ফুটবলের উন্নয়নে নতুন রূপরেখা নিয়ে কথা বলেন বোর্ডের কর্মকর্তারা। সভা শেষে সাংবাদিকদের নাসের শাহরিয়ার জাহেদী জানান, বিচ্ছিন্নভাবে নয়, দেশের সব নিবন্ধিত একাডেমিকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসাই তাদের লক্ষ্য।

সভায় টুর্নামেন্টের ধরন ও ব্যাপকতা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবারের একাডেমি কাপ হবে ছেলে ও মেয়ে—উভয় বিভাগেই। তবে মেয়েদের টুর্নামেন্টের দায়িত্ব সামলাবে বাফুফের নারী উইং।

এর আগে মূলত ফিফার অর্থায়নে ১৬৫ থেকে ১৭০টি একাডেমি নিয়ে সীমিত পরিসরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। তবে এবার সেই গণ্ডি পেরিয়ে দেশের প্রায় ৩০০টি ছোট-বড় একাডেমিকে এই মহাযজ্ঞে শামিল করার পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন। 

ডেভেলপমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে, সারা বছর মাঠের ফুটবল সচল রাখতে প্রতি মাসেই অন্তত একটি করে গ্রাসরুট ইভেন্ট আয়োজন করা হবে। এর মধ্যে থাকবে ফুটবল ক্লিনিক, ফুটবল ফেস্টিভ্যাল এবং কমিউনিটি ভিত্তিক নানা কার্যক্রম। এর মূল উদ্দেশ্য হলো কিশোর ফুটবলারদের নিয়মিত খেলার মধ্যে রাখা এবং তাদের উৎসাহিত করা। নাসের শাহরিয়ার জাহেদী জানান, ২০২৬ সালকে সামনে রেখে তারা স্থানীয় স্পন্সরদের (ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান) এই উদ্যোগে যুক্ত করার চেষ্টা করছেন।

এছাড়াও জেলা ও আঞ্চলিক পর্যায়ে নিজস্ব স্পন্সর জোগাড়ে উৎসাহিত করবে বাফুফে। পাশাপাশি ফেডারেশনের পক্ষ থেকে একাডেমিগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও প্রতিশ্রুতির কথা জানান শাহরিয়ার জাহেদী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here