কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফার সর্বশেষ কংগ্রেসে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজুব। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি এলাকায় ক্লাব কার্যক্রম চালানোকে ফিফার নীতিমালাবিরোধী আখ্যা দিয়ে তিনি কঠোর অবস্থান নেন।
ফিফার ৭৬তম কংগ্রেসে বৃহস্পতিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আহ্বানে মঞ্চে ওঠেন জিবরিল রাজুব ও ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সহ-সভাপতি বাসিম শেখ সুলাইমান। তবে সুলাইমানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান রাজুব, যা কংগ্রেসে উত্তেজনার সৃষ্টি করে। ফিফার পক্ষ থেকে তাদের কাছাকাছি আনতে চেষ্টা করা হলেও রাজুব এতে সাড়া দেননি।
পরে কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে রাজুব বলেন, দখলকৃত পশ্চিম তীরে ক্লাব পরিচালনার মাধ্যমে ইসরায়েল ফিফার বৈষম্যবিরোধী নীতিমালা লঙ্ঘন করছে। তিনি জানান, ফিফা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না দেওয়ায় পিএফএ বিষয়টি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ নিয়ে গেছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের বরাতে রয়টার্স জানায়, গত ২০ এপ্রিল এই আপিল দায়ের করা হয়েছে।
এর আগে মার্চে ফিফা পশ্চিম তীরের বসতিগুলো নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত দেয়, যুক্তি হিসেবে আন্তর্জাতিক আইনে অঞ্চলটির চূড়ান্ত অবস্থান অনির্ধারিত থাকার কথা জানানো হয়। তবে পৃথক অভিযোগে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে বৈষম্য ও বর্ণবাদী আচরণের দায়ে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়।
ফিফা সভাপতি ইনফান্তিনো উভয় পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেও রাজুব প্রশ্ন তোলেন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলের ফিফার সদস্যপদ থাকা উচিত কি না। অন্যদিকে আইএফএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়ারিভ টেপার বলেন, রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তারা ফুটবলের উন্নয়নে কাজ করতে আগ্রহী।

