বলিউড সংগীতের সমার্থক হয়ে ওঠা অরিজিৎ সিং ২০২৬ সালে এসে যখন প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন, তখন গোটা বিনোদন জগৎ বিষ্মিত হয়েছিল। ক্যারিয়ারের তুঙ্গে থেকে এমন সিদ্ধান্ত সচরাচর দেখা যায় না। তবে প্লেব্যাক থেকে বিরতি নিলেও অরিজিতের উপার্জনের চাকায় কোনো ভাটা পড়েনি, বরং তা বেড়েছে কয়েক গুণ। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে এই শিল্পীর মোট সম্পদের পরিমাণ ছাড়িয়েছে ৪শ কোটি রুপি। চলচ্চিত্রে গান গাওয়া কমিয়ে দিলেও প্রতি মাসে কোটি কোটি টাকা আয়ের এক মজবুত কাঠামো তিনি গড়ে তুলেছেন।
অরিজিতের আয়ের প্রধান উৎস এখন লাইভ কনসার্ট বা স্টেজ শো। বর্তমানে একটি পূর্ণাঙ্গ একক অনুষ্ঠানের জন্য তিনি ২ কোটি থেকে শুরু করে ১৪ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক দাবি করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তার শো-এর প্রিমিয়াম টিকিটের দাম অনেক সময় সাধারণের নাগালের বাইরে চলে যায়। লাইভ পারফরম্যান্সের পাশাপাশি রয়্যালটি থেকেও তার আয় ঈর্ষণীয়।
শত শত জনপ্রিয় গান বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে কোটি কোটি বার শোনা হয়, যেখান থেকে প্রতি মাসে একটি বড় অঙ্কের অর্থ তার পকেটে আসে। এছাড়া নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওরিয়ন মিউজিক’ এবং স্পটিফাইয়ের মতো মাধ্যমে স্বাধীন সংগীত প্রকাশের মাধ্যমেও তিনি ডিজিটাল দুনিয়ায় নিজের আধিপত্য ধরে রেখেছেন।
বিলাসবহুল জীবনযাপনের চেয়ে সাধারণ থাকতেই ভালোবাসেন মুর্শিদাবাদের এই ভূমিপুত্র। তবে স্থাবর সম্পত্তির দিক থেকে তিনি পিছিয়ে নেই। মুম্বাইয়ের ভার্সোভা এলাকায় তার চারটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে যার প্রতিটির মূল্য প্রায় ৯ কোটি টাকা। এছাড়া নভি মুম্বাইতেও তার কয়েক কোটি টাকার আবাসন রয়েছে।

