শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকার ছোট্ট দেশ এসওয়াতিনি (সাবেক সোয়াজিল্যান্ড) সফর বতিল করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। তবে তার পরিবর্তে এই সফর করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং। ইতোমধ্যেই তিনি এসওয়াতিনি পৌঁছেছেন।
সেখানে পৌঁছে তিনি বলেছেন, “স্বৈরশাসক শক্তি তাইওয়ানকে দমিয়ে রাখতে পারবে না।”
এর আগে তাইপে অভিযোগ করে, প্রেসিডেন্ট লাই চিং-তের সফর ঠেকাতে চীন আফ্রিকার কয়েকটি দেশের ওপর চাপ সৃষ্টি করেছে।
তাইওয়ান গত সপ্তাহে জানায়, সেশেলস, মরিশাস এবং মাদাগাস্কার- এই তিনটি দেশ তাদের আকাশসীমা ব্যবহার করে প্রেসিডেন্টের বিমান চলাচলের অনুমতি একতরফাভাবে বাতিল করে দেয়। ফলে নির্ধারিত এসওয়াতিনি সফরটি শেষ পর্যন্ত বাতিল করতে হয়।
এটিই প্রথম ঘটনা, যেখানে আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় কোনও তাইওয়ান প্রেসিডেন্ট পুরো বিদেশ সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। বিশ্লেষকদের মতে, এটি আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের অংশগ্রহণ সীমিত করতে চীনের নতুন কৌশল।
শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং একটি ব্যক্তিগত বিমানে এসওয়াতিনিতে পৌঁছানোর ছবি শেয়ার করেন। তিনি লেখেন, “সেই মুহূর্তে তাইওয়ান ও এসওয়াতিনির গভীর বন্ধুত্ব অনুভব করেছি, যা দূরত্বকে অতিক্রম করে। এতে আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে- স্বৈরশাসক শক্তি আমাদের থামাতে পারবে না। আমরা অবশ্যই বিশ্বমঞ্চে এগিয়ে যাব।”
তবে চীন তিনটি দেশের ওপর চাপ প্রয়োগের বিষয়টি অভিযোগ অস্বীকার করেছে। যদিও আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তকে তারা প্রশংসা করেছে।
লিন চিয়া-লুং তার সফরের বিস্তারিত প্রকাশ করেননি। তিনি শুধু জানান, প্রেসিডেন্ট লাই চিং তে-এর বিশেষ দূত হিসেবে নানা বাধা অতিক্রম করে তিনি এসওয়াতিনিতে পৌঁছেছেন। সেখানে তিনি রাজা তৃতীয় মসোয়াতির সিংহাসনে আরোহণের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।
চীন বরাবরই দাবি করে, গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান তাদের একটি প্রদেশ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার অধিকার নেই। তবে তাইওয়ান এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পূর্ণ অধিকার তাদের রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। আমেরিকা চীনের পদক্ষেপের সমালোচনা করেছে, পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিও একই ধরনের উদ্বেগ জানিয়েছে। সূত্র: রয়টার্স

