প্রেক্ষাগৃহে বিজয়ের নামের আগে ‘মুখ্যমন্ত্রী’ সম্বোধন, টাইটেল কার্ড ভাইরাল

0
প্রেক্ষাগৃহে বিজয়ের নামের আগে ‘মুখ্যমন্ত্রী’ সম্বোধন, টাইটেল কার্ড ভাইরাল

দক্ষিণ ভারতের রুপালি পর্দা থেকে রাজনীতির ময়দান—সর্বত্রই এখন বইছে থালাপতি বিজয়ের জয়জয়কার। সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) ১০৮টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে বিজয়ের শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’-এর একটি ভাইরাল ভিডিও। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ক্লিপটিতে দেখা যাচ্ছে, প্রেক্ষাগৃহের পর্দায় বিজয়ের নাম আসার আগে টাইটেল কার্ডে লেখা উঠছে— ‘তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়’।

সিনেমা হলের ভেতর ধারণ করা এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে। প্রিয় অভিনেতাকে পর্দার পাশাপাশি বাস্তবেও রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে স্বীকৃতি পেতে দেখে উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। প্রেক্ষাগৃহের ভেতর নাচ-গান আর গগনবিদারী চিৎকারে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। 

নেটিজেনদের দাবি, ভারতের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় অভিনেতার নামের আগে টাইটেল কার্ডে ‘মুখ্যমন্ত্রী’ উপাধি ব্যবহার করা হলো। তবে কোন প্রেক্ষাগৃহে এই বিশেষ টাইটেল কার্ডসহ সিনেমাটি প্রদর্শিত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এইচ বিনোদ পরিচালিত এই চলচ্চিত্রটি নিয়ে দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন দর্শকরা। বিজয়ের রাজনৈতিক অভিষেকের কারণে এর মুক্তি নিয়ে বেশ নাটকীয়তা তৈরি হয়েছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও সেন্সর বোর্ড এবং নির্বাচন কমিশনের আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। 

প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রডাকশনস বিজয়ের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়ে তাকে ‘জন নায়গন’ বা জননেতা হিসেবে অভিহিত করেছে। পূজা হেগড়ে, ববি দেওল এবং মামিতা বাইজু অভিনীত এই সিনেমাটিকে বিজয়ের অভিনয় জীবনের শেষ কাজ হিসেবে দেখা হচ্ছে, যা মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here