প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার উন্নয়নে সহায়ক নীতিমালা গ্রহণ করা হয়েছে: ডিএসই চেয়ারম্যান

0
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার উন্নয়নে সহায়ক নীতিমালা গ্রহণ করা হয়েছে: ডিএসই চেয়ারম্যান

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের পুঁজিবাজার উন্নয়নে সহায়ক নীতিমালা গ্রহণ করায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ ধন্যবাদ জানান।

পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়ে ও বাজারটির সংশ্লিষ্ট সব অংশীজনের প্রত্যাশা ও প্রস্তাবনাসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি বিভাগ এবং সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেগুলোর বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য অর্থমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম।

ডিএসই চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের উন্নয়ন, আধুনিকায়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের সক্রিয় আগ্রহ ও আন্তরিকতা সাম্প্রতিক বিভিন্ন নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

মমিনুল ইসলাম আরও বলেন, প্রথমবারের মতো পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ এবং অর্থমন্ত্রীর বিভিন্ন বক্তব্যে পুঁজিবাজারের প্রতি বিশেষ গুরুত্বারোপ বাজার-সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নতুন আশাবাদ ও ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি করেছে। এ উদ্যোগের ফলে বাজার পরিচালনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে এবং একটি সমন্বিত, কার্যকর ও শক্তিশালী বাজার অবকাঠামো গড়ে উঠবে, যা দীর্ঘমেয়াদে পুঁজিবাজারের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া ডিএসই বিশ্বাস করে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক মনোযোগ, কার্যকর নীতিগত সহায়তা এবং সময়োপযোগী সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার আগামীদিনে আরও গতিশীল, গভীর ও বিনিয়োগবান্ধব হয়ে উঠবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় হবে এবং বাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হবে।

ডিএসই চেয়ারম্যান বিশেষভাবে NITA (প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে টাকা বা স্থানীয় মুদ্রায় বিনিয়োগ ও লেনদেনের উদ্দেশে পরিচালিত একটি বিশেষ ধরনের রূপান্তরযোগ্য চলতি হিসাব) হিসাব পরিচালনা প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগকে স্বাগত জানান এবং এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন। 

ডিএসইর চেয়ারম্যান বলেন, এ উদ্যোগ পুঁজিবাজারে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাজারের গভীরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিএসই ইতোমধ্যে বিদ্যমান টি প্লাস টু সেটেলমেন্ট ব্যবস্থা থেকে টি প্লাস ওয়ান এবং পর্যায়ক্রমে টি প্লাস জিরো সেটেলমেন্ট ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে লেনদেন নিষ্পত্তি আরও দ্রুত, নিরাপদ ও দক্ষ হবে এবং আন্তর্জাতিক মানসম্মত বাজার অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করবে।

 ডিএসই চেয়ারম্যান বলেন, ডিএসই পুঁজিবাজারের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সংস্কারমুখী পদক্ষেপ দেশের ক্রমবিকাশমান পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে। এ প্রেক্ষাপটে, উদ্ভাবনী প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি আধুনিক, স্বচ্ছ ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here