ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামছে ব্রাজিল। গ্রুপ সি এর হাইভোল্টেজ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো। ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনার বড় কারণ কার্লো আনচেলত্তির অভিষেক। প্রথমবারের মতো বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন তিনি। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিরল কীর্তি গড়ার সুযোগও থাকছে তার সামনে।
পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিল কিছুটা এগিয়ে। অপ্টা সুপারকম্পিউটারের পূর্বাভাসে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭ দশমিক ৭ শতাংশ, মরক্কোর ১৮ দশমিক ৮ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ২৩ দশমিক ৫ শতাংশ। তবে মাঠের খেলায় এই হিসাব বদলে যেতে পারে।
দুই দলই ইনজুরি সমস্যায় রয়েছে। ব্রাজিলের হয়ে নেইমার জুনিয়র খেলতে পারছেন না। এছাড়া ওয়েসলিও থাকছেন দলের বাইরে। অন্যদিকে মরক্কোর স্কোয়াড থেকে ছিটকে গেছেন আবদি ইজ্জালজৌলি, নায়েফ আগের্দ। নুসাইর মাজরাউইর খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
হেড টু হেড পরিসংখ্যানে বিশ্বকাপে একবার মুখোমুখি হয়ে জয় পেয়েছিল ব্রাজিল। তবে ২০২৩ সালের প্রীতি ম্যাচে মরক্কো ২-১ ব্যবধানে জয় পায়।
গ্রুপের অন্য দল হাইতি ও স্কটল্যান্ড তুলনামূলক অনভিজ্ঞ হওয়ায় আজকের ম্যাচের জয়ী দল নকআউট পর্বে এগিয়ে যাবে অনেকটাই। আনচেলত্তির অধীনে ব্রাজিল কেমন শুরু করে সেটাই এখন দেখার বিষয়।

