শান্তি শোভাযাত্রা, বিশ্ব শান্তি কামনায় পুণ্যদানসহ দিন ব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে শিল্প,সাহিত্য এবং সংস্কৃতির রাজধানী প্যারিসে বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে আন্তজার্তিক ‘ভেসাক ডে’ উদযাপন করা হয়েছে ।
দিবসটি উপলক্ষ্যে রবিবার স্থানীয় সময় দুপুর ৩টায় প্রথমবারের মতো প্যারিসের জুরিস পার্ক থেকে রিপাবলিক চত্বর পর্যন্ত একটি ঐতিহাসিক শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়,এতে ফ্রান্সের বিভিন্নস্হানে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের বিপূল সংখ্যক প্রবাসী অংশগ্রহন করে ।
আয়োজক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক দেবেশ বড়ুয়া বলেন গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব (মহাসত্যজ্ঞান) লাভ এবং পরিনির্বাণ তথা দেহত্যাগের ক্ষন হিসেবে বিশ্বের বৌদ্ধদের নিকট অতিশয় পুণ্যময় দিন। বুদ্ধের অহিংসা, মৈত্রী ও শান্তির বাণীর মাহাত্ম্য আজ জগতের পরম আরাধ্য তাই এই পবিএ দিবসে আমরা তাকে স্মরণ করছি ।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পবিত্র ত্রিপিটকের মঙ্গল বাণী পাঠের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়, এরপর বৌদ্ধ ভিক্ষু সংঘের পিন্ডচারণ, দেশনা, জগতের সকল প্রাণী ও বিশ্ব শান্তি কামনায় পুন্যদান, পূজ্য ভান্তেদের ছোয়াং গ্রহণ, জ্ঞাতি ভোজ, ঐতিহাসিক শান্তি শোভাযাত্রা ও সম্মিলিত ধ্যান অনুশীলন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের বাইরে বর্তমানে সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষী বৌদ্ধদের বসবাস ফ্রান্সে। দেশটির বিভিন্ন শহরে প্রায় ১০ হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করছেন। প্যারিস ও এর আশপাশের এলাকায় বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায় নিজস্ব অর্থায়নে ৯টি স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণ করে দীর্ঘদিন ধরে ধর্মীয় রীতিনীতি পালন করে আসছে।

