ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ডিক্লান রাইস। আর্সেনাল মিডফিল্ডারের মতে, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে একটি ‘স্পষ্ট’ পেনাল্টি পাওয়া উচিত ছিল তাদের। তার দাবি, রেফারিকে সিদ্ধান্তে পরিবর্তন আনতে উসকে দিয়েছিল স্বাগতিকর দলের সমর্থকরা।
এস্তাদিও মেত্রোপলিতানোতে বুধবার রাতের ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর প্রচণ্ড ক্ষুব্ধ হতে দেখা রাইসকে। ডি-বক্সে এভারেচি ইজে ফাউলের শিকার হওয়ার পর শুরুতে পেনাল্টির সিদ্ধান্ত জানালেও পরে তা বাতিল করেন ডাচ রেফারি ড্যানি মাকেলি। তাকে ১৩ বার রিপ্লে দেখতে দেখা যায়।
এই বিতর্কিত ঘটনাটি নিয়ে রাইস বলেন, ‘এটি একটি স্পষ্ট পেনাল্টি। আর আমি জানি না কেন এটি দেওয়া হলো না। আমার মনে হয় সমর্থকরা সিদ্ধান্তটি প্রভাবিত করেছে এবং রেফারির মন পরিবর্তন করেছে।’
মেত্রোপলিতানোতে দুটি ভিএআর সিদ্ধান্ত আর্সেনালের বিপক্ষে যায়। স্ট্যান স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রাইস বলেন, ‘প্রথম দেখায় আমার মনে হয়েছিল, এটি যদি প্রিমিয়ার লিগ হতো, তবে তা দেওয়া হতো না কারণ বলটি মাটির খুব কাছাকাছি ছিল এবং বলটি লক্ষ্যের দিকেও যাচ্ছিল না।’
রাইস যোগ করেন, ‘চ্যাম্পিয়নস লিগে রেফারিরা খুব দ্রুত সিদ্ধান্ত নেন এবং বাঁশি বাজান। আমার মনে হয় ইউরোপীয় প্রতিযোগিতায় তারা বেশি শাস্তি দেয়। তবে কিছু যায় আসে না। আমরা আগামী সপ্তাহে মনোযোগ দিচ্ছি এবং তাদের হারাতে চাই।’

