পুলিশের ওপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে আটক ১৩

0
পুলিশের ওপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে আটক ১৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা ও মাদকসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পরে অভিযানে শামীমের স্ত্রীসহ ১৩ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৪ মে) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র দীর্ঘদিন ধরে হত্যা, মাদক ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধের জন্য পরিচিত। ওই এলাকার বাসিন্দা ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল।

অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে পুলিশ চনপাড়ায় অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করে। তাকে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের গাড়িতে তোলার পরপরই তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ির চাকা কেটে দেয়, সদস্যদের মারধর ও ধাক্কাধাক্কি করে এবং একপর্যায়ে শামীমকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের সময় শামীমের অনুসারীরা মব তৈরি করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here