পুনর্নির্বাচন হলে প্রার্থী হতে বাধা নেই আসলাম চৌধুরীর

0
পুনর্নির্বাচন হলে প্রার্থী হতে বাধা নেই আসলাম চৌধুরীর

চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা থাকবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

মঙ্গলবার আসলাম চৌধুরীর শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল বলেন, একজন ব্যক্তির অযোগ্যতা তো সারাজীবন থাকবে না। তবে তিনি যদি পুনর্নির্বাচনে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা থাকবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ের অযোগ্যতা তো আর সারাজীবন থাকবে না। পূর্ববর্তী নির্বাচনে যে কারণে আপিলটি মঞ্জুর হলো, তার ফলে তিনি নির্বাচিত হওয়া সত্ত্বেও সেই নির্বাচনের ফলাফলটি ভোগ করতে পারলেন না। তবে পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সেই অযোগ্যতা (যেমন ঋণখেলাপি) কাটিয়ে যোগ্য হন, তাহলে তো তার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা থাকার কথা না।

এর আগে, ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here