পিএসএল ফাইনালে নাহিদেই ভরসা জালমির

0
পিএসএল ফাইনালে নাহিদেই ভরসা জালমির

মাত্র চার ম্যাচ খেলেই ৭ উইকেট, গড়ে ওভারপ্রতি মাত্র ৫.৪২ রান খরচ। এই কার্যকারিতাই নাহিদ রানাকে পেশোয়ার জালমির আস্থার প্রতীক করে তুলেছে। সেই কারণেই আজকের ফাইনাল সামনে রেখে বাংলাদেশি এই পেসারকে বিশেষ অনুরোধে বিসিবির কাছ থেকে ছাড়িয়ে লাহোরে নিয়ে গেছে পেশোয়ার জালমি।

ফাইনালে তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসম্যান। রাতের এই শিরোপা নির্ধারণী ম্যাচে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে জালমি। এর আগে ২০১৭ সালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

গ্রুপ পর্বে এই হায়দরাবাদের বিপক্ষেই ৪ উইকেটে জিতেছিল পেশাওয়ার জালমি। তবে সেই ম্যাচে উইকেট পাননি নাহিদ রানার, খরচ করেছিলেন ৩০ রান। এরপরের তিন ম্যাচে ধারাবাহিকভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ পেসার।

দল হিসেবে জালমি এবারের আসরে বেশ শক্ত অবস্থানে আছে। অধিনায়ক বাবর আজম এবং কুশল মেন্ডিস ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন। ১০ ম্যাচে ৫৮৮ রান নিয়ে শীর্ষে বাবর, আর ৫৪১ রান করে দ্বিতীয় স্থানে কুশল।

দলে বিদেশি শক্তি হিসেবে আছেন মিচেল ব্রেসওয়েল। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ হারিস, ইফতেখার আহমেদ ও সুফিয়ান মুকিমও ধারাবাহিক পারফর্ম করছেন।

অন্যদিকে হায়দরাবাদ কিংসম্যানও শক্ত প্রতিপক্ষ। তাদের ওপেনিংয়ে মাজ সাদাকাত ও লাবুশানে জুটি ভালো শুরু এনে দিচ্ছেন। সিয়াম আইয়ুব, গ্লেন ম্যাক্সওয়েল ও কুশল পেরেরার মতো অভিজ্ঞ ব্যাটাররা আছেন মিডল অর্ডারে।

সব মিলিয়ে লাহোরে জমজমাট ফাইনালের অপেক্ষা। বাংলাদেশি পেসার নাহিদ রানার পারফরম্যান্সের দিকেই আলাদা নজর থাকবে দর্শক ও সমর্থকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here