পাহাড় খুঁড়ে মিলল ডাকাতির টাকা, গ্রেফতার ৮

0

বান্দরবানের লামা উপজেলায় টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে লুট হওয়া মোট ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকার মধ্যে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।

শুক্রবার রাতে ও শনিবার দুপুরে উপজেলার সাবেক বিলছড়ি এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ের চূড়া থেকে মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা, আবদুর রহিমের বাড়ি থেকে ৫০ হাজার টাকা এবং করিমের বাড়ি থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৯ মে গভীর রাতে লামা পৌরসভার লাইনঝিরি এলাকার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে তালা ভেঙে টাকা লুট করে ডাকাতদল। ঘটনাটি ঘটার মাত্র ৮ দিনের মধ্যেই আসামিদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালায় লামা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আরিফ (৩০), নাঈমুল ইসলাম সাগর (৩১), আব্দুর রহিম (৩৬), আনোয়ারা বেগমসহ (৪৫) মোট ৮ জন। শনিবার বিকেলে তাদের লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আসামি আরিফ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত বাকি আসামিদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত একটি বড় হাতুড়ি, একটি চাপাতি, একটি ছুরি এবং একটি তালা কাটার যন্ত্রও জব্দ করেছে।

বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অভিযান পরিচালিত হয়েছে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের বিশেষ নির্দেশনায় এবং লামা থানার ওসি মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে। অভিযানে লামা থানা ও জেলা পুলিশের একাধিক দল অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here