পরিবর্তন করা হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম। এ উপজেলার নতুন নাম ঠিক করা হয়েছে ‘মহাস্থান’।
শনিবার (১৩ জুন) রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে পৃথক আনন্দমিছিল শেষে এক সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ ঘোষণা দেন।
তিনি বলেন, দেশে শিবগঞ্জ নামে আরও একটি উপজেলা আছে। যেটির অবস্থান চাঁপাইনবাবগঞ্জে। একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয়। এজন্য আপনারা শিবগঞ্জবাসী সমর্থন দিলে এই উপজেলার নাম পরিবর্তন করে ‘মহাস্থান’ নামকরণ করা হবে।
ভৌগোলিক অবস্থান হিসেবে বলা হয়, শিবগঞ্জ উপজেলাটি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে বৃহৎ উপজেলা। আয়তন ৩১৫ কিলোমিটার। বগুড়া জেলা শহর থেকে ১৯ কিলোমিটার উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। এ উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর কাহালু ও দুপচাঁচিয়া উপজেলা, পূর্বে সোনাতলা ও গাবতলি উপজেলা এবং পশ্চিমে কালাই ও ক্ষেতলাল উপজেলা।
এর আগে, চলতি বছরের ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণার অনুমোদন করেন। শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন যথাক্রমে মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করা হয়। এর আয়তন ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় দেড় লাখ।

