
পাল্টা আক্রমণে নেমে ইউক্রেন ২৬ হাজার সেনা হারিয়েছে। এছাড়া ৩ হাজারেরও বেশি সামরিক যান ও সরঞ্জামাদি হারিয়েছে ইউক্রেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ৪ জুন থেকে ইউক্রেন এই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৭৬টি হিমার্স রকেট ভূপাতিত করেছে, ২৭টি স্ট্রম শ্যাডো ক্রুজ মিসাইল এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৪৮৩টি ড্রোন ধ্বংস করেছে।
রাশিয়া এই দাবি করলেও ইউক্রেন এটা নিয়ে কোনো মন্তব্য করেনি।
জুনের প্রথম সপ্তাহে ইউক্রেনীয় সেনারা রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। কিন্তু এতে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি সমালোচনার মুখে বলেন, অনেক লোক মনে করে এটি (পাল্টা আক্রমণ) হলিউডের সিনেমা। তারা এখন সব ফলাফল দেখছে। কিন্তু তা সম্ভব নয়। অনেকে আবার আমাদের ওপর চাপ সৃষ্টি করতে চায়। তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে আমরা ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাচ্ছি।

