হলিউড তারকা জন ট্রাভোল্টা চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত প্রথম সিনেমার প্রিমিয়ার করার সময় কান চলচ্চিত্র উৎসবের আজীবন সম্মাননা পুরস্কারের সমতুল্য সম্মানসূচক পালম ডি’আর পেয়ে অভিভূত হয়েছেন।
৭২ বছর বয়সী এই অভিনেতা, যিনি তার পরিচালিত ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ ছবির প্রিমিয়ারের জন্য চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন। পুরস্কারটি গ্রহণ করার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে কান্না সংবরণ করতে না পেরে এই তারকা বলেন, ‘এটা অস্কারেরও ঊর্ধ্বে’।
অনুষ্ঠানে দর্শকদের করতালির মধ্যে ট্রাভোল্টা ফরাসি ভাষায় উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘একদম অপ্রত্যাশিত। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি এমনটা একেবারেই আশা করিনি’।
এই পুরস্কার বিজয়ী অভিনেতা ‘পাল্প ফিকশন’, ‘গ্রিস’ এবং ‘স্যাটারডে নাইট ফিভার’-এর মতো চলচ্চিত্রের মধ্যে দিয়ে রাতারাতি আইকন হয়ে ওঠেন।
ট্রাভোল্টা পুরস্কারটি গ্রহণ করাকে ‘একটি বিনম্র মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি অস্কারের চেয়েও বড়।ট্রাভোল্টা এর আগে দুইবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। তার পরিচালিত ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ চলতি মাসের শেষের দিকে অ্যাপল টিভির স্ট্রিমিং সার্ভিসে মুক্তি পাবে।
বিমান চালনার স্বর্ণযুগে নির্মিত এই পারিবারিক অ্যাডভেঞ্চার চলচ্চিত্রটি তার নিজের ১৯৯৭ সালের শিশুতোষ বই অবলম্বনে তৈরি করা হয়েছে। ট্রাভোল্টা চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন, পরিচালনা করেছেন ও সহ-প্রযোজনার পাশাপাশি একটি চরিত্রে অভিনয়ও করেছেন। এছাড়াও চলচ্চিত্রটিতে তার কন্যা এলা ব্লু ট্রাভোল্টাও অভিনয় করেছেন।
এবার কান চলচ্চিত্র উৎসবে উৎসবে ‘লর্ড অফ দ্য রিংস’-এর পরিচালক পিটার জ্যাকসন এবং শিল্পী বারবারা স্ট্রেইস্যান্ডকেও সম্মানসূচক পালম ডি’অর পুরস্কার প্রদান করছে।
এই উৎসবে অপ্রত্যাশিতভাবে সম্মানসূচক পালম পুরস্কার প্রদান করার ঘটনা এটাই প্রথম নয়। গত বছর অভিনেতা ডেনজেল ওয়াশিংটন এবং ২০২২ সালে টম ক্রুজ এই পুরস্কার পেয়েছিলেন।

