পারস্য উপসাগরে ‘শুধু ভারতীয়’ নাবিক থাকা জাহাজেই হামলা হচ্ছে, দাবি রিপোর্টে

0
পারস্য উপসাগরে ‘শুধু ভারতীয়’ নাবিক থাকা জাহাজেই হামলা হচ্ছে, দাবি রিপোর্টে

উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের মধ্যে নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন ভারতীয় নাবিক। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজে কর্মরত এসব নাবিকের দাবি, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানে ‘ভারতীয় ক্রু’ বহনকারী জাহাজগুলোই বারবার হামলার মুখে পড়ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে তারা দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান ও হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় দায়িত্ব পালনরত ভারতীয় নাবিকরা নিজেদের অনিরাপদ বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, সাম্প্রতিক হামলাগুলোর ক্ষেত্রে ভারতীয় নাবিক থাকা জাহাজগুলোই বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে নাবিকদের আতঙ্কিত ও উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়। সেখানে তারা বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং হামলার মধ্যে তারা কার্যত আটকা পড়ে আছেন। ভিডিওগুলোর একটিতে একজন নাবিককে বলতে শোনা যায়, ‘পরিস্থিতি খুব খারাপ’ এবং ‘শুধু ভারতীয় নাবিক থাকা জাহাজগুলোতেই হামলা হচ্ছে’।

এক নাবিক বলেন, ‘আমরা ইরানে অবস্থান করছি এবং এখানকার পরিস্থিতি অত্যন্ত খারাপ। শুধু ভারতীয় ক্রু থাকা জাহাজগুলোই হামলার শিকার হচ্ছে। অন্যের যুদ্ধে আমাদের কেন জড়ানো হচ্ছে? আমরা সামরিক বাহিনীর সদস্য নই। আমরা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছি। তেল পরিবহন ও বৈশ্বিক বাণিজ্যে অবদান রাখছি।’

ওই নাবিক জানান, সম্প্রতি যে জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন, তিনি আগে সেই জাহাজেই কর্মরত ছিলেন। তার ভাষ্য, ‘আমি ওই জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, ওমানের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’

আরেক নাবিকের দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তে ১৩ লাখের বেশি ভারতীয় নাবিক কাজ করলেও তাদের দুর্দশার কথা কেউ গুরুত্ব দিয়ে শুনছে না।

এর আগে গত সপ্তাহে নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘মেরিভেক্স’ নামের একটি তেলবাহী ট্যাংকারে কর্মরত ভারতীয় নাবিকরা জরুরি বার্তা পাঠিয়েছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, ওমান উপকূলে হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বার্তায় নাবিকরা ‘দয়া করে সাহায্য করুন’ বলে আবেদন জানিয়েছিলেন। এর আগে ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিক বহনকারী একাধিক তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলার খবর পাওয়া যায়।

এসব হামলার একটিতে তিন ভারতীয় নাবিক নিহত হন। এছাড়া ২৪ ভারতীয় নাবিক বহনকারী আরেকটি জাহাজও হামলার শিকার হয়েছিল। পরে জাহাজটির সব আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়।

আল জাজিরার উদ্ধৃত একটি বার্তায় এক নাবিক বলেন, ‘মার্কিন নৌবাহিনীর হামলায় আমাদের ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। জাহাজের নিচের অংশে বড় ছিদ্র হয়ে গেছে। এখানে ২৪ জন ক্রু রয়েছে, সবাই ভারতীয়। দ্রুত সাহায্য প্রয়োজন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here