পানি চলাচলের পথে ভবন নির্মাণ, জলাবদ্ধতার শঙ্কায় দুই হাজার পরিবার

0
পানি চলাচলের পথে ভবন নির্মাণ, জলাবদ্ধতার শঙ্কায় দুই হাজার পরিবার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে আসন্ন বর্ষায় রায়পুর গ্রামের বুড়ি পুকুরপাড় এলাকার প্রায় দুই হাজার পরিবার জলাবদ্ধতার ঝুঁকিতে রয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই এলাকার বাসিন্দা সাহিদুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহনগর গ্রামের রশীদ আহাম্মদ নামের এক ব্যক্তি পাকা দালান নির্মাণের জন্য লেলাং খালের সংযোগপথ ও জলাভূমি ভরাট করছেন। এতে পানি নিষ্কাশনব্যবস্থা সংকুচিত হয়ে পড়ায় প্রায় ৪ হাজার মানুষের পানিবন্দি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগকারী সাহিদুর রহমান বলেন, এই পথ দিয়েই দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন হয়ে আসছে। পথ বন্ধ হলে কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়বে।

তবে অভিযুক্ত রশীদ আহাম্মদ দাবি করছেন, ভিটা ভরাটের জন্য সাময়িকভাবে পানি নিষ্কাশন পথটি বন্ধ করা হয়েছে।

ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, জনস্বার্থ বিঘ্নিত করে ভবন নির্মাণের সুযোগ নেই। অভিযোগের শুনানি শেষে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here