পাকিস্তান নিজেদের খেলোয়াড়দের সঙ্গেই অন্যায় করছে: কপিল দেব

0
পাকিস্তান নিজেদের খেলোয়াড়দের সঙ্গেই অন্যায় করছে: কপিল দেব

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তাঁর মতে, এই সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে এবং দেশটির তরুণ প্রজন্মের ক্রিকেটারদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে গত রবিবার পাকিস্তান সরকার জানায়, ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না পাকিস্তান দল। এ ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে বিষয়টি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন, বোর্ডের এমন সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে পাকিস্তানের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি মনে করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে পিসিবি নিজেদের খেলোয়াড়দের সঙ্গেই অন্যায় করছে।

কপিল দেব বলেন, ‘যদি খেলোয়াড়রাই সিদ্ধান্ত নিত যে তারা খেলবে না, তাহলে সেটা প্রকাশ্যে বলতে পারত। কিন্তু যখন বোর্ড সিদ্ধান্ত নেয় যে দল খেলবে না, তখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এটা পাকিস্তানের জন্য ভালো নয়। আপনারা পুরো একটি প্রজন্মকে ধ্বংস করছেন।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান বছরের পর বছর ধরে বিশ্ব ক্রিকেটকে অসাধারণ প্রতিভা উপহার দিয়েছে। কিন্তু যদি এই তরুণদের বিশ্বকাপে খেলার সুযোগ না দেওয়া হয়, তাহলে তা শুধু ক্রিকেটেরই ক্ষতি নয়, নিজেদের খেলোয়াড়দের প্রতিও বড় ধরনের অবিচার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here