আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় গোড়ালির চোট এবং ক্লান্তির কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে সংশয় দেখা দিয়েছে। আগামী ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত ওয়ানডে সিরিজ শুরু হবে।
সিরিজের উদ্বোধনী ম্যাচটি রাওয়ালপিন্ডিতে এবং বাকি দুটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলে খেলার পর থেকে মার্শ চোট ও ক্লান্তিতে ভুগছেন। যার ফলে সিরিজের প্রথম ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
মার্শের সম্ভাব্য অনুপস্থিতিতে ওডিআই সিরিজে উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিসের অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এবং তারকা ব্যাটসম্যান ট্র্যাভিস হেড এই সিরিজে খেলতে পারছেন না। কারণ সিরিজ চলাকালীন সময়ে তারা আইপিএলে ব্যস্ত থাকবেন।
এদিকে মার্শ যদি এই সফর থেকে বাদ পড়েন তবে দেশটির উদীয়মান পেসার অলি পিককে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করাতে পারে।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল। ওই সিরিজে অজিরা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
মিচেল মার্শ(অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, মারনাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলি পিক, ম্যাথিউ রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক এবং অ্যাডাম জাম্পা।

