তুরস্কের ইস্তাম্বুলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হলো আধুনিক যুদ্ধজাহাজ ‘পিএনএস খায়বার’। দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক নৌ-চুক্তি ও প্রযুক্তি বিনিময় কর্মসূচির আওতায় এই যুদ্ধজাহাজটি নির্মাণ করা হয়েছে।
ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডে আয়োজিত কমিশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভেদ আশরাফ।
পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা এএসএফএটি-র সাথে ২০১৮ সালে স্বাক্ষরিত চুক্তির অধীনে নির্মিত চারটি মিলজেম-ক্লাস করভেটের মধ্যে এটি দ্বিতীয় জাহাজ। এই জাহাজগুলো আধুনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং উন্নত সেন্সরে সুসজ্জিত। এর আগে ২০২৩ সালে এই প্রকল্পের প্রথম জাহাজ পিএনএস বাবর পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হয়েছিল।
অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেন, তুরস্ক ও পাকিস্তানের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব সময়ের সাথে আরও শক্তিশালী হচ্ছে। তুরস্কের তৈরি এই মাল্টিপারপাস করভেটগুলো সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ, আকাশ প্রতিরক্ষা এবং বিভিন্ন নজরদারি অভিযানে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। এই প্রযুক্তিগত সহযোগিতা দুই দেশের প্রতিরক্ষা অংশীদারিত্বে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

