কঠোর নিরাপত্তার মধ্যেও সহিংসতার নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হলো পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উত্তর ও দক্ষিণবঙ্গের ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট শুরুর সময় থেকেই বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন সহিংসতা, ইভিএম বিকল ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকটি স্থানে রাজনৈতিক কর্মীদের মধ্যে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার অভিযোগও ওঠে। কিছু কেন্দ্রে ইভিএম বিকলের কারণে ভোটগ্রহণ সাময়িকভাবে ব্যাহত হয়।
নির্বাচন কমিশন পরিস্থিতি নিয়ন্ত্রণে ২,৪০০-এর বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। তবুও বিক্ষিপ্ত সংঘর্ষ এড়ানো যায়নি। এদিকে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে চারজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
ভোটের দিন বিকেল পর্যন্ত ভোটদানের হার ছিল প্রায় ৮৯.৮৩ শতাংশ, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ বলে উল্লেখ করা হচ্ছে। মোট ৩ কোটি ৬০ লাখের বেশি ভোটার ১৫২ আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনের কড়া নিরাপত্তা ও ওয়েবকাস্টিং ব্যবস্থাকে ভোট শান্তিপূর্ণ করার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে সহিংসতা নিয়ে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করেছে। বিজেপি ও তৃণমূল উভয়ই পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। প্রথম দফার ভোট শেষে এখন নজর দ্বিতীয় দফার নির্বাচনের দিকে, যা ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

