নকআউট পর্বের টিকিট প্রায় নিশ্চিত দুই দলেরই। তবে বিশ্বকাপের ‘কে’ গ্রুপে শীর্ষস্থান দখলের লড়াই এখনো বাকি। তাই শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও হামেস রদ্রিগেসের কলম্বিয়া দুই দলই নামবে গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে।
প্রথম দুই ম্যাচে টানা জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে কলম্বিয়া। এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল।
এই ম্যাচের গুরুত্ব শুধু গ্রুপ সেরা নির্ধারণেই নয়, নকআউট পর্বের পথও অনেকটাই নির্ভর করছে এর ওপর। গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ বত্রিশে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু রানার্সআপ হলে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া কিংবা ঘানার মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
পর্তুগালের উইঙ্গার পেদ্রো নেতোও স্বীকার করেছেন, সম্ভাব্য সমীকরণ নিয়ে খেলোয়াড়দের মধ্যে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা অবশ্যই বিভিন্ন সম্ভাবনা নিয়ে ভেবেছি। কিন্তু আমাদের মানসিকতা একটাই গ্রুপ সেরা হওয়া। তাই অন্যদের দিকে না তাকিয়ে কলম্বিয়াকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামব।’
২০২৪ সালের কোপা আমেরিকার রানার্সআপ কলম্বিয়া এবারও দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রথম দুই ম্যাচে তারা যেমন জিতেছে, তেমনি আক্রমণভাগ ও রক্ষণভাগ—দুই জায়গাতেই দারুণ ভারসাম্য দেখিয়েছে। উজবেকিস্তানকে সহজেই হারানোর পর কঙ্গোর বিপক্ষেও ধৈর্যের পরীক্ষা উতরে জয় তুলে নিয়েছে দলটি।
অন্যদিকে পর্তুগালের শুরুটা ছিল হতাশাজনক। কঙ্গোর বিপক্ষে আধিপত্য বিস্তার করেও গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছিল তারা। তবে পরের ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রোনালদো, ব্রুনো ফের্নান্দেসরা।
বিশেষ করে রোনালদোর ছন্দে ফেরা পর্তুগালের জন্য বড় স্বস্তি। প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকার পর সমালোচনার মুখে পড়লেও দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি।
তবে শেষ ম্যাচে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কাগজে-কলমে পর্তুগাল শক্তিশালী হলেও কলম্বিয়ার শারীরিক সামর্থ্য, দ্রুত পাল্টা আক্রমণ এবং সুসংগঠিত রক্ষণভাগ তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
নেতো বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই,গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা। আমরা ভালো ফুটবল খেলেই সেই লক্ষ্য অর্জন করতে চাই।’
অন্যদিকে কলম্বিয়ার সমীকরণ তুলনামূলক সহজ। ড্র করলেই তারা গ্রুপ সেরা হিসেবে পরের পর্বে উঠবে। তবে দুই দলের জন্যই বড় চ্যালেঞ্জ হতে পারে মায়ামির প্রচণ্ড গরম আবহাওয়া।

