ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাই-ভোল্টেজ লড়াইয়ে শক্তিশালী পর্তুগালের মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের এই রোমাঞ্চকর ম্যাচে আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমজমাট হলেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দু’দল। এই ড্রয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রাখল কলম্বিয়া। অন্যদিকে সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ৩২ তথা নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন। ম্যাচের প্রথম মিনিটেই বড় সুযোগ পায় কলম্বিয়া, তবে জন কর্ডোবার হেড গোলবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। ১৬ মিনিটে কর্ডোবার আরেকটি জোরালো শট চমৎকার দক্ষতায় ফিরিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিওগো কোস্তা। প্রথমার্ধের ২২ মিনিটে জেন আরিয়াসের শট গোললাইনের ওপর থেকে ক্লিয়ার করে পর্তুগালকে রক্ষা করেন রুবেন নেভেস। অন্যদিকে, ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের বুলেট গতির শট রুখে দেন কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস। ক্রিস্টিয়ানো রোনালদোকে পুরো ম্যাচে কড়া পাহারায় রাখেন কলম্বিয়ার ডিফেন্ডাররা, যার ফলে বেশ কয়েকবার অফসাইডের ফাঁদে পড়ে তিনি কাঙ্ক্ষিত সুযোগ তৈরি করতে ব্যর্থ হন। প্রথমার্ধের শেষ মুহূর্তে হামেস রদ্রিগেসের একটি চমৎকার নিচু শট কোস্তা লুফে নিলে ০-০ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের গতি আরও বাড়িয়ে দেয় কলম্বিয়া। তবে ম্যাচের ৭১ মিনিটে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ জোয়াও ফেলিক্স ও ভিতিনহাকে তুলে নিয়ে রাফায়েল লিয়াও এবং সামু কোস্তাকে মাঠে নামালে পর্তুগালের আক্রমণে ধার বাড়ে। ৮১ মিনিটে রোনালদোর পাস থেকে ব্রুনোর বাড়ানো ক্রস ডেভিনসন সানচেজ হেডের সাহায্যে ক্লিয়ার না করলে গোল পেতে পারত পর্তুগাল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৯২ মিনিটে কলম্বিয়ার সানচেজ হেডের সাহায্যে বল জালে পাঠালে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি, তবে রেফারি অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন।
অতিরিক্ত সময়ের শেষ মিনিটে রাফায়েল লিয়াও সুবর্ণ সুযোগ হাতছাড়া করলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতেই শেষ হয় ম্যাচ। নকআউট পর্বের নতুন সমীকরণ অনুযায়ী, শেষ ৩২-এর লড়াইয়ে কলম্বিয়া মুখোমুখি হবে ঘানার এবং পর্তুগালকে লড়তে হবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।

