পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে গলাচিপা পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা-উলানিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২০) এবং আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
আহতরা হলেন—অটোরিকশার যাত্রী সোহরাব (৫০) ও শরীফ (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে তামিম ও ফয়সাল মোটরসাইকেলে করে যাওয়ার সময় গলাচিপা পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে ফয়সালের মৃত্যু হয়।
এদিকে, আহত অপর দুইজন বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো পক্ষ মামলা দায়ের করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

