নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন

0
নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন

নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নৌযান শ্রমিক-কর্মচারীরা।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মামার ঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

মানববন্ধনে সংগঠনটির মোংলা শাখার সভাপতি গাজী মাইনুল ইসলাম মনু বলেন, গত ৬ জুলাই সুন্দরবনের অভ্যন্তরে শিবসা নদীসংলগ্ন শিংয়ের নালা নৌপথে এমভি আব্দুল হাকিম-০১ নামের একটি কার্গো জাহাজে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীরা জাহাজের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, মালামাল লুট করে এবং মাস্টার ব্রিজ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি অভিযোগ করেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে নৌযান শ্রমিক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, নৌপথে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় নৌযান শ্রমিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন নৌযান শ্রমিক-কর্মচারী নেতা মো. সোহাগ চৌধুরী, মো. বেলাল হোসেন, অপূর্ব মণ্ডল, তরিকুল ইসলাম মাস্টার, কনক মাস্টার ও মো. রিয়াজ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নৌযান ধর্মঘট, কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here