নোয়াখালীতে ব্যবসায়ী হত্যা মামলার আসামি কিশোর গ্যাং নেতা গ্রেফতার

0
নোয়াখালীতে ব্যবসায়ী হত্যা মামলার আসামি কিশোর গ্যাং নেতা গ্রেফতার

নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী কামাল হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি ও কথিত কিশোর গ্যাং নেতা মো. রনিকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী এবং র‌্যাব-৭, সিপিসি-২ চট্টগ্রামের যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রনি নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের নিয়ন আলী হাজী বাড়ির বাসিন্দা মো. ইউসুফের ছেলে। নিহত কামাল হোসেন একই ইউনিয়নের লচি সর্দার বাড়ির মৃত মো. সোলেমানের ছেলে। তিনি গাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাদপুর ইউনিয়নের লচি সর্দার বাড়ির পেছনে একদল কিশোর জুয়া খেলছিল এবং উচ্চ শব্দে হৈচৈ করছিল। এ সময় স্থানীয় যুবক ফরহাদ (২৭) ও তারেক (২২) তাদের প্রতিবাদ করে সেখান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

পরে রাত সাড়ে ৯টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে ফিরে এসে ফরহাদের ওপর হামলা চালায়। ফরহাদের চিৎকার শুনে তার চাচা কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে ছেলে তারেক ও ভাতিজা ফরহাদকে রক্ষার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এ সময় ইমাম উদ্দিনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে সুধারাম মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ব্যক্তিগত মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here