নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছররা গুলিতে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (২৭ জুন) দুপুরে গুলিবিদ্ধ দুজনকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে দেওটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদ, রেদোয়ানসহ কয়েকজন যুবক একটি দোকান থেকে সিগারেট কিনে ধূমপান করছিলেন। এ সময় এলাকার কয়েকজন প্রবীণ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে পরদিন রাতে রাশেদের নেতৃত্বে একদল যুবক নাহিদ ও নাঈমকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।
এ ঘটনায় নাহিদ, নাঈমসহ অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে আশিক ও নাহিদকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধূমপানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে একজনের পেট ও উরুতে ছররা গুলি লেগেছে। এ ঘটনায় রাশেদসহ ১২ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

