নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

0
নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

নোয়াখালীর চাটখিল উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে মো. শাহদাত (২৩) নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। ভুক্তভোগী ছাত্রদল নেতার পরিবারের অভিযোগ, যারা গুলি ছোড়ে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।  

গুলিবিদ্ধ শাহাদাত খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে।  

গুলিবিদ্ধ শাহাদাতের বড় ভাই যুবদল নেতা মো. হাবীব অভিযোগ করে বলেন, শাহাদাত ছাত্রদল ও আমি খিলপাড়া ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। ৫ আগস্টের পর থেকে আমি স্থানীয় আওয়ামীলীগ নেতাদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেই। ওই স্ট্যাটাসের জের ধরে স্থানীয় কিছু আওয়ামী লীগের লোকজন আমাদের দুই ভাইকে নানা ভাবে হুমকি ধমকি দেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ ভূঞা ও রহিম হাজীর ইন্ধনে কিছু যুবলীগ নেতা শাহাদাতের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে যুবলীগ নেত জাবেদ, মোরশেদ, মাসুম ও রিয়াদের নেতৃত্বে শাহাদাতকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে শাহাদাত তলপেট ও উরুতে গুলিবিদ্ধ হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।  

অভিযোগের জানতে অভিযুক্ত মফিজ ভূঞা ও রহীম হাজীর মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বিকেলে এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে অভিভাবকরা দুই পক্ষ হয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, শাহাদাতের পরিবার গুলিতে আহত হওয়ার অভিযোগ করেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিকভাবে গুলি ছোড়ার কোনো আলামত পায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here