নেত্রকোনায় ব্যবসায়ী বাবুল মিয়া ওরফে শাহীন হত্যা মামলায় একমাত্র আসামি রতন মিয়াকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোছা. মরিয়ম-মুন-মঞ্জুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত রতন মিয়া নেত্রকোনা পৌর শহরের বর্শিকুড়া এলাকার বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় ভাড়া বাসায় থেকে কসমেটিক ব্যবসা করতেন বাবুল মিয়া (৪০)। তার স্ত্রী ঢাকায় চাকরি করতেন এবং ছেলে গ্রামের বাড়িতে থাকত।
এ সময় প্রতিবেশী রতন মিয়ার স্ত্রীর সঙ্গে তার পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানার পর ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে রতন মিয়া কৌশলে তাকে কৈলাটী ইউনিয়নের দাসপাড়া এলাকায় নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেন। পরদিন স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় নিহতের ভাই কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ রতন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান।

